ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আন্দোলনে নিহত: সাবেক চেয়ারম্যানের জামিন, আদালত প্রাঙ্গণে হট্টগোল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩০, ২৩ অক্টোবর ২০২৪
আন্দোলনে নিহত: সাবেক চেয়ারম্যানের জামিন, আদালত প্রাঙ্গণে হট্টগোল
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত দুই মামলার আসামি সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলের জামিনের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ হয়েছে। এ সময় আদালত মাঠে আন্দোলনকারীদের উদ্দেশ্যে করে এক নারী আইনজীবীর মন্তব্যের জেরে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের সঙ্গে ওই নারী আইনজীবীর স্বামীর হট্টগোল হয়। 

পরে এর প্রতিবাদে আদালত এলাকায় ৩ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। শেষে জেলা আইনজীবী সমিতি বরাবর অভিযুক্ত আইনজীবী ইশতিয়াক সম্রাটের বিরুদ্ধে ‘আন্দোলন বাধাগ্রস্ত করা ও শিক্ষার্থীদের এলোপাতাড়ি চড় থাপ্পড়’ দেওয়ার লিখিত অভিযোগ দেন আন্দোলনকারীরা। 

বুধবার দুপুর ১টার দিকে শতাধিক আন্দোলনকারী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ’ এর ব্যানার নিয়ে আদালত এলাকায় প্রবেশ করেন। প্রথমে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষের বারান্দায় গিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। 

Advertisement

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী ইয়াসিন আল হাবীব জানান, হত্যা মামলার আসামি নাজমুল হাসান সোহেলের জামিনের খবর পেয়ে আদালতে ছুটে যাই আমরা। সেখানে জামিনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করি। একপর্যায়ে আমরা আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান করলে এক নারী আইনজীবী বিরূপ মন্তব্য করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী সমিতি ভবনের ভেতর ঢুকে যান। তখন ওই নারীর স্বামীর সঙ্গে হট্টগোল বাধে। এ সময় এক শিক্ষার্থী লাঞ্ছিত হন। পরে আমরা এ ঘটনায় লিখিত অভিযোগ দেই। আশা করি, আইনজীবী সমিতি দ্রুত ব্যবস্থা নেবে।  

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামির জামিন আদেশের ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষ থেকে আপত্তি উঠে। তারা কোর্ট প্রাঙ্গনে জড়ো হলে আইনজীবীদের সঙ্গে হট্টগোল হয়। পরবর্তীদের শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে ফিরে যায়। 

প্রসঙ্গত; গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেটে ছাত্র আন্দোলনে নিহত ডিপজল ও সজল মোল্লা নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলকে বুধবার দুপুরে জামিনের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী মোহাম্মদ হান্নান। পরে খবর পেয়ে কোর্ট এলাকায় যান আন্দোলনকারীরা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!