ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ২১ অক্টোবর ২০২৪
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মহিন উদ্দিন -ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী মরিয়ম বেগমকে (২৫) হত্যার দায়ে স্বামী মো. মহিন উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন।

হত্যার শিকার মরিয়ম বেগম হাজীগঞ্জ উপজেলার মোল্লারডর মিজি বাড়ির হাজী নেয়ামত উল্লাহ মিজির মেয়ে। অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মহিন উদ্দিন একই উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের মোহন গাজী বাড়ির লিয়াকত আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, পারিবারিক সম্মতিতে ইসলামী শরীয়াহ্ মোতাবেক মরিয়ম ও মহিনের বিয়ে হয়। তাদের দুই সন্তান আছে। বিয়ের সময় মরিয়মের বাবা স্বর্ণ‍ালঙ্কার ও নগদ ১ লাখ টাকা দেন। এরপর মহিন নতুন ব্যবসা এবং বিদেশে যাওয়ার কথা বলে বারবার মরিয়মের মাধ্যমে যৌতুক হিসেবে শ্বশুরের কাছে টাকা চায়।

Advertisement

এসব নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বৈঠক হয়। ঘটনার দিন ২০১৭ সালের ২ নভেম্বর রাত ৮টা থেকে সাড়ে ১১টার কোনো একসময় কথা-কাটাকাটির একপর্যায় মহিন স্ত্রী মরিয়মকে বালিশ চাপা ও শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় ৭ নভেম্বর মরিয়মের বাবা নেয়ামত উল্লাহ মিজি হাজীগঞ্জ থানায় জামাতা মহিনসহ ৫ জনকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণের পর তদন্ত দেওয়া হয় পিবিআইকে। তদন্ত করেন পিবিআই চাঁদপুরের তৎকালীন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। তিনি তদন্ত শেষে ২০১৯ সালের ৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। এতে মামলার ৫ জন আসামির মধ্যে মহিন ছাড়া বাকি ৪ জনকে অব্যাহতি দেওয়া হয়।

চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, মামলাটি প্রায় ৭ বছর চলমান অবস্থায় আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইকবাল বিন বাশার ও বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হান্নান কাজী।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!