বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত জানান, বিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলম হাজরার ছেলে আরিফ হাজরা (২৩) জবরদস্তিমূলকভাবে তার বাবা-মার কাছে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। তবে কাঙ্ক্ষিত টাকা না পেলে প্রায়শই বৃদ্ধ বাবা ও মাকে মারধর করেন।
.png)
এমন পরিস্থিতিতে ছেলের অত্যাচারে অতিষ্ঠ জাহাঙ্গীর আলম বিষয়টি পারিবারিক ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত ছেলের হাতে নতুন করে মারধরের শিকার হন তারা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্যাতিত এই বাবা ও মা তার কাছে লিখিতভাবে অভিযোগ জানান। এতে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থলে আটক করেন। পরে অপরাধীর স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উক্ত অপরাধ আমলে নিয়ে অপরাধীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, বয়স্ক বাবা ও মাকে আক্রমণ করা একটি ন্যাক্কারজনক সামাজিক ও ধর্মীয় অপরাধ। একইসঙ্গে এটি প্রচলিত আইনে একটি ফৌজদারি অপরাধ। আশা করছি, অভিযুক্ত আরিফ হাজরা সাজাভোগের পর স্বাভাবিক জীবনে ফেরত আসবেন এবং তার বাবা-মায়ের সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখবেন।