ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘কমপ্লিট শাটডাউন’  কর্মসূচিতে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ১৭ অক্টোবর ২০২৪
‘কমপ্লিট শাটডাউন’  কর্মসূচিতে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি
ফাইল ফটো

বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের চাকরি অবসানের আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি।

 বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জেলাধীন ১০টি উপজেলা ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলা ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

এদিকে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার প্রতি অবজ্ঞা ও দাফতরিক পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনির হোসেন চাকরি থেকে অবসান দেওয়া হয়েছে। বুধবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মাহফুজুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আরইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনে জড়িত থাকায় ১০ জন কর্মকর্তার নামে মামলা দেওয়া হয়। তাদের মধ্যে চারজন সকালে আটক করা হয়। এরমধ্যে বারহাট্টা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেনকে সকাল পৌনে ৯টার দিকে আটক করা হয়। এরপর থেকে নেত্রকোণায় পল্লী বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়।

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মাসুম আহমেদ বলেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া না মানায় শাটডাউন চলছে। সকালে বারহাট্টা কার্যালয়ের এজিএমকে অন্যায়ভাবে আটক করা হয়। জেলা প্রশাসক এ বিষয়ে আমাদের ডেকেছেন। ওনার সঙ্গে সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, পুলিশ বারহাট্টা পল্লী বিদ্যুতের এজিএমকে আটক করেনি। সকাল পৌনে ৯টার দিকে সেনাবাহিনী তাকে আটক করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর আবার তাকে ছেড়ে দেয়।  

জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, নেত্রকোণায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন চলছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে বসা হয়েছে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে আমরা একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!