মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে আমদানি রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন।
জানা যায়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছিলো। ৬ দিন বন্ধের পর মঙ্গলবার সকাল ৯ টা থেকে আবারো আমদানি-রফতানি শুরু হয়েছে। ভারত, নেপাল ও ভুটানের পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
.png)
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক মো.রেজাউল করিম শাহিন বলেন, ভারতীয় দুর্গোৎসবের ছুটি শেষে আজ থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজো স্বাভাবিক রয়েছে।