ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযান, সাড়ে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

লালমোহন ও ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ৯ অক্টোবর ২০২৪
ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযান, সাড়ে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে তিন কোটি ৪১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে আটক করা হয়েছে দুই ব্যবসায়ীকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যবসায়ীদের ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সাংবাদিকদের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদিরুল ইসলাম জানান, ভোলায় বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি মৎস্য সম্পদ সুরক্ষায়ও অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। মা ইলিশ সুরক্ষায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা পরিচালনা করার খবর পাওয়া যায়। ওই খবরের ভিত্তিতে নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওইসব এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

তিনি আরো জানান, অভিযান চালিয়ে আঞ্জুরহাট বাজারের ৬টি দোকান ও শশীভূষণ এলাকার ৪টি দোকান তল্লাশি করে দুইজনকে আটক করা হয় এবং এসব দোকান থেকে ১০ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ হাজার মিটার চরঘেরা জাল, ৪ হাজার মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪১ লাখ ৯৫ হাজার টাকা।

পরে আটককৃত দুই ব্যবসায়ীকে নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ সুরক্ষায় এবং জাতীয় সম্পদের নিরাপত্তা প্রদানে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!