ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজেক ভ্রমণে আরো ৩ দিন নিরুৎসাহিত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪
সাজেক ভ্রমণে আরো ৩ দিন নিরুৎসাহিত
ফাইল ফটো

পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে আবারো তিনদিনের জন্য নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরো তিনদিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

Advertisement

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, বর্তমানে পার্বত্য জেলায় যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। পর্যটকদের জন্য সাজেকের যাতায়াত এখনো নিরাপদ মনে না হওয়ায় নিরুৎসাহিতকরণ বর্ধিত করা হয়েছে। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তীতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। দীঘিনালার এই সড়ক ধরে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হয়। গত ২১ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার অবরোধে কারণে আটকা পড়ে দেড় হাজার পর্যটক। এ সময় যান চলাচল বন্ধ থাকায় এবং বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকে বিদ্যুৎ-পানি ও খাদ্য সংকটে পড়েন পর্যটকরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!