বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকপুর ইউপির চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চরমল্লিকপুর গ্রামের সামাদ শেখের ছেলে মিরান শেখ (৩৫) ও জিয়াউর শেখ (৪০)
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আইয়ুবের দোকানের সামনে পৌছলে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মিরান শেখ, জিয়াউর শেখ ও ইরান শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।