রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে, সকাল ১০টা থেকে নগরের শাহ আমানত সেতু চত্বরে অবস্থান নিয়ে চালক ও সহকারীরা বাস চলাচল বন্ধ করে দেন।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নুরুল কবির বলেন, চট্টগ্রামের চন্দনাইশে ইউনিয়নের একটি পক্ষ অপর পক্ষের শ্রমিকদের মারধর ও অপহরণের অভিযোগে কক্সবাজার রুটে তারা গাড়ি চালানো বন্ধ করে দেন। এছাড়া ইউনিয়নের পক্ষে প্রতিটি বাস থেকে চাঁদা আদায় বন্ধ করাসহ বিভিন্ন দাবিও তাদের রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের অনুরোধে দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
.png)
এর আগে সকাল থেকে পরিবহন শ্রমিকরা দাবি তোলেন- অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে প্রকৃত শ্রমিকদের ওপর হামলা করেছেন। তাদের এক চালককে মেরেছেন। সেই ঘটনার প্রতিবাদে মাঠে নামেন তারা।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সমন্বয়ক বলেন, সেক্রেটারি মুসা নির্বাচন ছাড়াই গত ১৭ বছর আমাদের রক্ত চুষে খেয়েছে। এখন সে অবৈধভাবে চাঁদাবাজি করতে চাচ্ছে। আমরা আর সেটা হতে দেব না। তাদের নির্যাতনে গত ১৭ বছরে এ পর্যন্ত আট হাজার শ্রমিক এ পেশা ছেড়ে চলে গেছে। আমরা এ স্বৈরাচার আর চাই না।