শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চর বদরপাশা গ্রামের ইব্রাহীম হাওলাদারের (৩৬) ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ বছর আগে রাজৈর উপজেলার চর বদরপাশা গ্রামের হোসেন খলিফার ছেলে শাহজালাল খলিফার সঙ্গে একই গ্রামের ভ্যানচালক ইব্রাহীম হাওলাদারের স্ত্রী সোনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক হয়। এতে সোনিয়া ও শাহজালাল পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।
.png)
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে স্বামী ইব্রাহীমকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শাহজালালকে বাড়িতে আসতে বলে সোনিয়া। মাঝরাতে সোনিয়ার ঘরে প্রবেশ করে শাহজালাল। পরকীয়ার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। বেশ কয়েকবার বমিও করে সে।
পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে অসুস্থ শাহজালালকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহীম ও তার স্ত্রী সোনিয়াকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় নিহত শাহজালালের পরিবার থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হলে আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে। আর ঘটনার মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।