ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পোলট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছাত্র-জনতার বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ১ সেপ্টেম্বর ২০২৪
পোলট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছাত্র-জনতার বিক্ষোভ
পোলট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছাত্র-জনতার বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড’ নামে একটি পোলট্রি মুরগির খামারের বর্জ্যের দুর্গন্ধ রোধে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও এলাকাবাসী।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৈত্রঘাট বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন।

তবে কর্তৃপক্ষের দাবি, কিছুটা দুর্গন্ধ থাকলেও তা নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement

এদিকে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা, স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে সিপি বাংলাদেশ লিমিটেডের ব্রয়লার ফার্ম (পোল্ট্রি খামার) স্থাপন করা হয়। ধলাই নদীর তীরে ও ঘনবসতিপূর্ণ এলাকায় বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় ৮ একর ভূমি নিয়ে বিশাল খামার স্থাপন করা হয়। স্থানীয় জনসাধারণের ঘোর আপত্তি উপেক্ষা করে এই খামার স্থাপন করা হয়েছে। এতে পরিবেশগত বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ না করায় দিবারাত্রি খামারের প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। খামারের আশপাশ প্রতাপী, চৈত্রঘাট, জগনশালা, কান্দিগাঁও, জগন্নাথপুর, বড়চেগ, দক্ষিণগ্রাম, ছয়কুট, লক্ষ্মীপুর, বিষ্ণুপুর, শ্রীঘর, শ্রীনাথপুরসহ বিভিন্ন গ্রামের মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এই খামার স্থাপনের ফলে এলাকার শিশু, বয়স্ক ও নারীদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন ধরণের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এবং চরম স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা তানজির শিশির, আব্দুল কাদের, সায়েল ইসলাম, ফাইম আহমদ, মিসবাহ আহমদ, নিজাম আহমদ, কমলগঞ্জ সংগ্রাম দলের সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী ও ইউপি সদস্য সামসুল আলম, স্থানীয় যুবনেতা আবু হানিফ, হারুনুর রশীদ প্রমুখ।

অভিযোগ বিষয়ে সিপি বাংলাদেশ লিমিটেডের স্থানীয় ম্যানেজার ড. কবির হোসাইন বলেন, আমাদের এই খামারের মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। আজ বিভিন্ন দফতর থেকে কর্মকর্তারা সরেজমিনে ঘুরে গেছেন। এখানে প্রতি মাসে ৩ লক্ষাধিক মোরগ উৎপাদন হয়। চারপাশে নেট দেওয়া আছে। তাছাড়া আজকের পর থেকে আরো নেটের বেড়া দিয়ে দুর্গন্ধ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদফতরসহ দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!