ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পা ধরে মাফ চেয়ে সেই ৪ শিক্ষককে ফেরালো শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ৩০ আগস্ট ২০২৪
পা ধরে মাফ চেয়ে সেই ৪ শিক্ষককে ফেরালো শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পদত্যাগে বাধ্য করা সেই চার শিক্ষককে ফুলের মালা পড়িয়ে ও পা ধরে মাফ চেয়ে স্কুলে ফিরিয়ে এনেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে, ভুল বুঝিয়ে গত ২৫ আগস্ট (রোববার) দুপুরে ওই চারজন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেয়া হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষকদের পা ধরে ক্ষমাও চান শিক্ষার্থীরা। পরে শিক্ষকরাও আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থীদের জড়িয়ে ধরেন, কোলাকুলি করেন।

Advertisement

বিদ্যালয়ে ফেরানো চার শিক্ষক হলেন- প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দীন, সহকারী শিক্ষক মো. ইয়াছিন আলী, মো. নুরে আলম এবং শরণ শিং।

জানা যায়, গত ২৫ আগস্ট শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ওই চারজন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের মানুষ। মঙ্গলবার সকালে তারা বিদ্যালয় মাঠে সমবেত হয়ে প্রিয় শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল করেন। পরে শিক্ষকদের সম্মানের সঙ্গে বরণ করে নিয়ে ফের তাদের বিদ্যালয়ে ফেরানোর সিদ্ধান্ত হয়।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাইভেটকারে করে শিক্ষকদের বিদ্যালয়ে নিয়ে আসা হয়। পরে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের পা ধরে ক্ষমা চায়। এতে কান্নার রোল পড়ে যায় সেই বিদ্যালয় মাঠে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক কিছু নেতা তাদের ভুল বুঝিয়ে এই কাজ করিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!