বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষক হজরত আলী জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ আবেদ আলীর বাড়িতে আগুন দেখতে পান। এ সময় স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাড়িতে থাকা ৫ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
.png)
ভুক্তভোগী আবেদ আলী বলেন, আমার পৈত্রিক জমি জোরপূর্বক দখল করতে এলে আদালতে মামলা দায়ের করি। মামলার পর থেকেই আমার চাচা মোবারক হোসেনের ছেলে রশিদুল ইসলাম লালু, রহিদুল ইসলাম ভাদো এবং শামীম, খোরশেদ, বাবু, রেজাউল ক্ষুব্ধ হয় এবং তারা আমাকে হত্যার জন্য পরিকল্পনা করে। আমি বাড়িতে আছি ভেবে রাতে তারা আমার বাড়িতে আগুন দেয়। আমিসহ আমার পরিবার অন্য জায়গায় থাকায় প্রাণে বেঁচে যাই। বাড়িতে থাকা ৩ ভরি স্বর্ণ, আসবাপত্র, চালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করুন।
এ বিষয়ে অভিযুক্ত রহিদুল ইসলাম ভাদো বলেন, জমিজমা নিয়ে আমাদের মধ্য বিরোধ চলছে। এ বিরোধে আমাদের পক্ষের একজনকে তারা খুন করেছে। সেই খুনের মামলা থেকে বাঁচতে তারা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন দিয়েছে।তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি জানান।
নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।