ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ২৭ আগস্ট ২০২৪
তরুণীকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন
ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে তরুণীকে ধর্ষণ ও সহযোগিতার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাজমুল, রিয়াজ, দুলাল ও জামশেদ।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ নাসের চৌধুরী বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নাজমুল এবং ধর্ষণে সহযোগিতায় আসামি রিয়াজ, দুলাল ও জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

রায় ঘোষণার সময় নাজমুল, রিয়াজ ও জামশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুলাল অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ২ আগস্ট মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মরগাং গ্রামে ১৮ বছরের এক তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন নাজমুল। এ সময় ধর্ষণে সহযোগিতা করেন রিয়াজ, দুলাল ও জামশেদ। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে ২৩ আগস্ট থানায় মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০২০ সালের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২১ সালের ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলাটিতে আটজনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!