ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলা দায়েরের ৪০ মিনিটের মধ্যে প্রধান আসামি গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ২৪ আগস্ট ২০২৪
হত্যা মামলা দায়েরের ৪০ মিনিটের মধ্যে প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত শান্ত দাস

চাঁদপুরে ইব্রাহিম খলিল ওরফে শাহীনকে (১৭) কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি শান্ত দাসকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে মামলা দায়েরের ৪০ মিনিটের মধ্যে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই ফেরদৌস হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

শনিবার সকালে নিহত শাহিনের মা শাজেদা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১২ জনের নামে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২২। 

Advertisement

গ্রেফতারকৃত শান্ত দাস শহরের ব্যাংক কলোনী এলাকার অজয় চন্দ্র দাসের ছেলে। 

মামলার এজহারে উল্লেখ করা হয়, শাহিন রাজমিস্ত্রির কাজ করতেন। গত ২-৩ দিন পূর্বে চাঁদপুর পৌরসভার ব্যাংক কলোনী কালার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে শুক্রবার রাত ৮টায় বাসা থেকে বাসস্ট্যান্ডে যাওয়ার সময় শাহীনের পথরোধ করেন শান্তসহ অন্যান্য আসামিরা। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় ভাগনে ফাহিম তার মামাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও আহত করা হয়। তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যান। এরপর তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মামলার প্রধান আসামি শান্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে অভিযান চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!