ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডুবে গেছে রাঙ্গামাটির আইকন ঝুলন্ত সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ২৩ আগস্ট ২০২৪
ডুবে গেছে রাঙ্গামাটির আইকন ঝুলন্ত সেতু
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটনশিল্পের আইকন ঝুলন্ত সেতু। শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ফলে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে পানি বেড়ে সেতু ডুবে যায়। প্রায় ৬ ইঞ্চি পানির নিচে সেতুর পাটাতন। সেতু ডুবে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুতে পর্যটকদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে পর্যটনে প্রবেশের টিকিটও। নষ্ট হয়ে যাওয়া সেতুর পাটাতন মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ৯টায় রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৮৪ এমএসএল (মিন সি লেভেল)।

Advertisement

বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক আলক বিকাশ চাকমা বলেন, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তার বিষয় বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমে গেলে চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এরই মধ্যে সেতুটি ছয় ইঞ্চি পানিতে ডুবে গেছে, এখনো পানি বাড়ছে। সেতু ডুবে থাকায় ব্যবসায় ক্ষতি হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!