পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত কলমাকান্দায় উব্দাখালী (সোমেশ্বরী) নদীর পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বিজয়পুর পয়েন্ট বিপৎসীমার ৫৪১ সেন্টিমিটার ও বিরিশিরি পয়েন্ট বিপৎসীমার ২৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
.png)
এছাড়াও পূর্বধলার জারিয়া পয়েন্টে কংস নদের পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ও খালিয়াজুড়িতে ধনু নদীর পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সূত্র আরো বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নেত্রকোণা জেলার দুর্গাপুর, কলমাকান্দার সীমান্তবর্তী পাহাড়ি নদ-নদীর পানি স্বাভাবিক থেকে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তা তেমন কোনো প্রভাব ফেলবে না।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, আগামী ২৪ ঘণ্টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। ফলে নদ-নদীর পানিও কমতে শুরু করবে। এছাড়া নেত্রকোণার প্রায় সব কয়টি নদ-নদীর পানি এখনো স্বাভাবিক রয়েছে। তাই নতুন করে পাহাড়ি ঢল কিংবা বন্যার তেমন কোনো শঙ্কা নেই। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারো নদ-নদী স্বাভাবিক হয়ে যাবে।