ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৫৫ কোটি টাকার স্বর্ণ নিয়ে ধরা ২ পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২১ আগস্ট ২০২৪
৫৫ কোটি টাকার স্বর্ণ নিয়ে ধরা ২ পাচারকারী
৫৫ কোটি টাকার স্বর্ণ নিয়ে ধরা ২ পাচারকারী। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৬০ ভরি স্বর্ণ, ১ কোটি ৭৭ লাখ মিয়ানমার কিয়াট ও বাংলাদেশি মুদ্রার ৫ লাখ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ কোটি ২২ লাখ টাকা বলে জানা গেছে।

বুধবার (২১ আগস্ট) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন।

তিনি জানান, মিয়ানমার থেকে স্বর্ণের একটি চালান অবৈধভাবে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানা যায়। ভোর ৪টায় বাংলাদেশের জলসীমায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা হাইস্পিড বোট দিয়ে ধাওয়া করে বোটটি আটক করেন।

পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৪৯২ দশমিক ৫ গ্রাম স্বর্ণালংকার, নগদ ৫ লাখ বাংলাদেশি টাকা ও ১ কোটি ৭৭ লাখ মিয়ানমার কিয়াটসহ দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ কোটি ২২ লাখ টাকা, যোগ করেন সাব্বির আলম সুজন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সঙ্গে জড়িত। জব্দকৃত স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের কাছে এবং আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!