ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট সিটি মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২০, ১৫ আগস্ট ২০২৪
সিলেট সিটি মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম
ছবি: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ যেসব কাউন্সিলরের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে, তাদের পদত্যাগের দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টরা পদত্যাগ না করলে নগর ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে সিলেটে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে প্রথমে সিসিকের মেয়রসহ সব কাউন্সিলরের পদত্যাগ দাবি করা হয়। পরে বুধবার রাত ১০টার দিকে সব কাউন্সিলরের কথা পরিবর্তন করে ছাত্রদের ওপর হামলাকারী কাউন্সিলরদের পদত্যাগ চাওয়া হয়।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা এক মাসেরও অধিক সময় বিপ্লব করে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচার সরকরের পতন ঘটিয়েছি। এখন প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন চালাচ্ছি। তাই স্বৈরাচারের অধীনে যত প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচনে যারা বিজয়ীরূপে বিভিন্ন চেয়ারে বসেছে তাদের আমরা আর চেয়ারে দেখতে চাই না।

Advertisement

তিনি বলেন, এরই ধারবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের মধ্যে তারা পদত্যাগ না করলে পরে আমরা নগরভবন ঘেরাও করে পদত্যাগ না করা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করবো।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের অন্যতম সমন্বয়ক দেলওয়ার হোসেন শিশির, সিলেটের সহ-সমন্বয়ক শাবিছাত্র ফয়ছল হোসেন, শাবি সমন্বয়ক হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!