ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরা সীমা‌ন্তে অস্ত্র-গুলি ও রুপার গহনা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ১৪ আগস্ট ২০২৪
সাতক্ষীরা সীমা‌ন্তে অস্ত্র-গুলি ও রুপার গহনা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনার সময় একটি দেশীয় পিস্তল ও আট রাউন্ড গুলি এবং ৯ কেজি ২০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার রা‌তে চান্দা দিয়ে চোরাকারবারীরা রুপার গহনা ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। এমন সংবাদের ভিত্তিতে মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার কাজী বদরুল আলমসহ ঐ এলাকায় অবস্থান গ্রহণ করে বিজিবির টহল দলের সদস্যরা।

Advertisement

এ সময় চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে রুপার ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি (সাধারণ ডায়েরি) করে উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়।

এর আগে সোমবার রাতে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শ্মশান পোস্ট নামক এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির একটি দল শ্মশান পোস্ট নামক স্থানে অবস্থান নেয়। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারিরা রাতের অন্ধকারে ঘন বন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি করে একটি দেশীয় পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!