ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বৃদ্ধ, আহত অর্ধশত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ৩০ জুলাই ২০২৪
কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বৃদ্ধ, আহত অর্ধশত
ফাইল ছবি

নির্মাণাধীন সরকারি পাকা রাস্তায় কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে নেত্রকোণার কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত অর্ধশত জন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম ইনচান আকন্দ (৬০)। তিনি পিজাহাতি (মাইজপাড়া) গ্রামের মৃত ফালু আকন্দের ছেলে।

Advertisement

আহতদের মধ্যে লিপি আক্তার (৪০), নূপুর আক্তার (১৬), সানাউল কবির ডালিম (৪৫), আসাদ মিয়া (৪২), রাসেল মিয়া (২৮), রবি মিয়া (২৫) ও বাবলু বাঙ্গালীসহ (৩৫) অন্তত ২০ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পিজাহাতি গ্রামের নির্মাণাধীন পাকা রাস্তায় বেশ কয়েকটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে পিজাহাতি গ্রামের বাসিন্দা ঠিকাদার রেজাউল করিম ভূইয়া সুমনের সঙ্গে সম্প্রতি একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদের বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন যাবত উভয়পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেল ৩টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে বৃদ্ধ ইনচান আকন্দ নিহত হন এবং উভয়পক্ষের নারীসহ কমপক্ষে অর্ধশত লোকজন আহত হন। 

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাশরুর ওয়াহিদ জানান, বিকেল ৪টার দিকে পিজাহাতি গ্রামের ইনচান আকন্দ নামে এক বৃদ্ধকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!