মৃতরা হলেন- পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা (৭৫)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে দুই বন্ধুর সঙ্গে সদর উপজেলা পরিষদ চত্বরে পুকুরে গোসল করতে নামে ইদ্রিস। তিনজনের কেউই সাঁতার না জানায় পুকুরের পাড় ঘেঁষে গোসল করছিল। এক পর্যায়ে তিনজনই ভুলে একটু গভীর পানির দিকে গেলে তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাকি দুই বন্ধু কোনো মতে পাড়ে উঠতে পারলেও তলিয়ে যায় ইদ্রিস। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে খোঁজাখুঁজি শুরু করে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে ইদ্রিসকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে জরুরী বিভাগের চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, রোববার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান বৃদ্ধা দিলজান নেছা। বাড়ি ফেরার পথে এক পর্যায়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে যান তিনি। পরে সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বৃদ্ধা দিলজানকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রঞ্জু আহম্মেদ ও বোদা থানার ওসি মোজাম্মেল হক পুকুরের পানিতে পড়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হবে।