ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারাগার থেকে পালিয়ে বোনের বাড়িতে আশ্রয় নেন জঙ্গি ফারুক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২৫ জুলাই ২০২৪
কারাগার থেকে পালিয়ে বোনের বাড়িতে আশ্রয় নেন জঙ্গি ফারুক
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদ

নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগরে র‍্যাব-১১ এর ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ফারুক আহমেদ নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। ২০২২ সালে ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে ফারুক আহমেদকে গ্রেফতার করে র‍্যাব। পরে তিনি জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস বন্দি ছিলেন।

Advertisement

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা জানান, গত ১৯ জুলাই হাজারো মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করে। তারা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে‌‌। সেখান থেকে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যান। এ সময় অস্ত্র, গোলাবারুদ, খাদ্যপণ্য লুট ও ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা।

ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা কারাগারের ৪ নম্বর সেলে ফারুক আহমেদের সঙ্গে ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের তিন জঙ্গি হিজবুল্লাহ, আবদুল আলীম ও মঈনুদ্দিন। ১৯ জুলাই হাজারো মানুষ কারাগারে হামলা চালায় এবং তারা কারাগারের ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করে। হামলাকারীরা কারারক্ষীদের কাছ থেকে চাবি নিয়ে সেলের তালা খোলে। কারারক্ষীরা পিছু হটলে অস্ত্র ভান্ডার থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার গুলি লুট করা হয়। সুযোগ বুঝে ফারুক আহমেদ ও তার সঙ্গে থাকা হিজবুল্লাহ কারাগার থেকে পালিয়ে যান। আসামি ফারুক দুইদিন বোনের বাসায় ছিলেন। পরে ২২ জুলাই সোনারগাঁয়ে প্রেমের বাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!