রোববার (১৪ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচদোনা পুলিশ ক্যাম্পের এসআই মো. ইউসুফ আহমেদ।
নিহতরা হলেন- টাইঙ্গাইল জেলার চরপাকুল্লা গ্রামের আবুল কালাম আজাদের দুই বছর চার মাস বয়সী শিশুসন্তান জারিফ ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক মিন্টু (৪২)।
.png)
জানা যায়, দুপুরের দিকে পাঁচদোনা মোড় থেকে চালকসহ ছয়জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টঙ্গি-গাজিপুর সড়ক দিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিলো। পরে নগর পাঁচদোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও সিএনজিতে থাকা আরেকজন মারা যান। আহত হন চারজন।
এসআই মো. ইউসুফ আহমেদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।