অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত সাবেক এই কৃষি কর্মকর্তা বর্তমানে পঞ্চগড় হর্টিকালচার সেন্টারে সিনিয়র হর্টিকালচারিস্ট হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক।
.png)
দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দকৃত ১৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণপূর্বক আত্মসাৎ করেছেন- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুদকের একটি দল ওই দফতর এবং সংশ্লিষ্ট ব্যাংক থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, যতটুকু শুনেছি ২০২১ সালের দিকে বোদা উপজেলা কৃষি অফিসের এক কর্মচারী কৃষি কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করায় তাকে বদলি করা হয়। ওই কর্মচারীই নাকি সংক্ষুব্ধ হয়ে দুদকে অভিযোগ করেছেন। তবে অভিযোগের সত্যতা মিললে দুদক অবশ্যই ব্যবস্থা নেবে।
দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক বলেন, সংগ্রহকৃত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে কমিশন বরাবর দাখিল করা হবে। এ বিষয়ে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আল মামুন অর রশিদের মোবাইলে একাধিকবার কল করলেও সেটি রিসিভ হয়নি।