ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে আবাসিকে চরম গ্যাস সংকট, ভোগান্তি

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ১১ জুলাই ২০২৪
চাঁদপুরে আবাসিকে চরম গ্যাস সংকট, ভোগান্তি
গ্যাস সংকটে চরম ভোগান্তি

চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কোনো ধরনের নোটিশ কিংবা মাইকিং ছাড়াই গ্যাস বন্ধ করা হয়। ফলে রান্না করতে না পেরে হোটেল থেকে খাবার এনে খেতে হয়েছে গ্রাহকদের। 

বুধবার (১০ জুলাই) সকাল থেকে চুলাতে গ্যাস ধীরে ধীরে কমতে থাকে। সকাল ৯টার পরে আরো সংকট দেখা দেয়। এরপর ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। সকাল ৯টার পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয় থেকে খবর নিয়ে জানা গেছে লাইনে সমস্যা এবং মেরামত কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিলিমিটেড চাঁদপুর কার্যালয়ের ম্যানেজার মোবারক হোসেন।

Advertisement

শহরের মুন্সেফ পাড়ার গৃহিণী সুমনা বেগম বলেন, হঠাৎ গ্যাস সংকটে বিপাকে পড়েছি। যে কারণে দুই বেলার খাবার হোটেল থেকে কিনতে হয়েছে। কখন আসবে সেটাও জানি না।

শহরের চেয়ারম্যান ঘাটের উকিল ভিলার বাসিন্দা ইসরাত জাহান ইভা বলেন, সকালে হঠাৎ ঘুম থেকে ওঠে জানলাম গ্যাস থাকবে না। পরে চুলা জ্বালিয়ে দেখি গ্যাসের সরবরাহ কম। যে রান্না দুই ঘণ্টায় শেষ হতো সেই রান্না বিকেল গড়িয়ে গেল। একদিকে বিদ্যুতের আসা-যাওয়া অন্যদিকে গ্যাস বন্ধ। চরম ভোগান্তিতে পড়েছি। 

শহরের নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা গৃহিণী রাবে আক্তার বলেন, আগে গ্যাস বন্ধ করার আগে মাইকিং হয়েছে। এবার তাও জানতে পারিনি। যে কারণে চরম বিপাকে পড়েছি। সন্তানদের স্কুলে যেতে হয়েছে হালকা নাস্তা খেয়ে। এরপর দুপুরের খাবার নিয়ে বিপাকে পড়তে হয়েছে।

স্টেডিয়াম সংলগ্ন মাদরাসা রোডের বাসিন্দা মঈনুল ইসলাম বলেন, বাসার চুলা বন্ধ। যে কারণে হোটেল থেকে কিনতে হয়েছে। কখন গ্যাস আসবে সে খবরও পাওয়া যায়নি।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা কার্যালয়ের ব্যবস্থাপক (হিসাব বিভাগ) সৈকত হোসেন জানান, কোম্পানির চট্টগ্রামের আনোয়ার ও পৌজদার হাট প্রজক্টের পাইপ লাইনে ফাটল দেখা দিয়েছে। মেরামত কাজ চলছে। প্রাকৃতিক কোনো সমস্যা না দেখা দিলে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!