রোববার সকালে টেকনাফ ঘাট থেকে দুটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয় আর সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফের উদ্দেশে রওনা হয়, যা দুপুর সাড়ে ১২টায় টেকনাফ শাহপরীর দ্বীপে পৌঁছায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি বলেন, রোববার সকাল ৯টায় সেন্টমার্টিন জেটি থেকে যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হয় ট্রলারগুলো। এরপর ৯টা ২০ মিনিট, সাড়ে ৯টা ও ৯টা ৪০ মিনিটে আরো ৩টি ট্রলার যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশে সেন্টমার্টিন ছেড়ে যায়। এছাড়া ৭টি স্পিডবোট টেকনাফের উদ্দেশে রওনা হয়। শেষ পর্যন্ত বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টার মধ্যে নিরাপদে ট্রলার ও স্পিডগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ পৌঁছে, যেখানে প্রায় ২৫০ জনের বেশি যাত্রী ছিল। দীর্ঘদিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল করছে।
টেকনাফের স্পিডবোট সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে স্পিডবোট চলাচল শুরু হয়েছে। শনিবারও সেন্টমার্টিন থেকে সাতটি স্পিডবোটে যাত্রী নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ পৌঁছেছে। রোববার সকালেও সাতটি স্পিডবোট টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে। মূলত সাগরে জোয়ার এলেই বাংলাদেশের অভ্যন্তর হয়ে নৌযানগুলো চলাচল করছে।
সেন্টমার্টিন থেকে ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছানো যাত্রী আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে ট্রলার করে টেকনাফ পৌঁছালাম। কোনো ধরনের সমস্যা হয়নি। অনেক খুশি লাগছে।
টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, স্বাভাবিক হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল। এখন পর্যন্ত সেন্টমার্টিন থেকে যাত্রীবাহী ৪টি ট্রলার ও ৭টি স্পিডবোট টেকনাফ পৌঁছেছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।