ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল উদ্ধারে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৬, ৪ জুলাই ২০২৪
ছাগল উদ্ধারে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টা
উদ্ধার করা ছাগল। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলায় দুই দেয়ালের মাঝে আটকা পড়া একটি ছাগল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ছাগলকে জীবিত উদ্ধার করে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস কর্মীদের ছাগল উদ্ধার দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। কোনো আঘাত ছাড়াই নিরাপদে ওই ছাগলটি উদ্ধার করায় শত শত মানুষ করতালি দেন। ছাগল উদ্ধারে এগিয়ে আসায় স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারের বাসস্ট্যান্ড এলাকার তালুকদার মার্কেট ও নূরুল ইসলাম হাওলাদার মার্কেটের দুই দেয়ালের কার্নিশের ফাঁকে আটকে পড়ে একটি ছাগল। আটকে পড়া ওই ছাগলটির চিৎকার নজরে আসে তালুকদার মার্কেটর মুদি ব্যবসয়াী মো. এমরান আখনের। এরপর দুই মার্কেটের ঘর মালিককে জানানো হলে ছাগলটি উদ্ধারের চেষ্টা চালানো হয়। দুই মার্কেটের মাঝে মাত্র ২-৩ ইঞ্চি জায়গা থাকায় বহুবার চেষ্টা করেও ছাগলটিকে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় চরফ্যাশন ফায়ার সার্ভিসের সদস্যদের। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই মার্কেটের দোকান ঘরের দেয়াল কেটে ছাগলকে উদ্ধার করে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করেন।

Advertisement

দক্ষিণ আইচা বাজারের মুদি ব্যবসায়ী এমরান আখন বলেন, বুধবার সকালে দোকান খুলি এরপর একটি ছাগলের চিৎকার শুনতে পেয়ে আমার পার্শ্ববর্তী ফার্মেসি ব্যবসায়ী জাহিদুলসহ কয়েকজন মিলে ছাগল ছানাটিকে উদ্ধার করতে যাই। কিন্তু দুই বিল্ডিংয়ের মাঝে সামান্য ফাঁকা থাকায় আমরা ছাগলটি উদ্ধার করতে পারিনি। সন্ধ্যার পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা এসে দুইটি বিল্ডিংয়ের দেয়াল কেটে আটকে পড়া ওই ছাগল ছানাটিকে উদ্ধার করে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অন্তত ১ ঘন্টার চেষ্টায় ছাগলকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। তবে তাৎক্ষণাক ওই ছাগলর প্রকৃত মালিক না পাওয়ায় আমরা ছানাটিকে থানায় হস্তান্তর করি।

দক্ষিণ আইচা থানার এসআই মনির হোসেন বলেন, খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি টিমও ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে ওই ছাগলটি উদ্ধারে কাজ করেছে। উদ্ধারের পর ছাগলটিকে স্থানীয় পশু চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে উদ্ধার করা ওই ছাগলটি থানা হেফাজতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!