ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাসেলস ভাইপারকে সাড়ে তিন ঘণ্টা ফাঁসিতে ঝুলিয়ে মারলেন গ্রামবাসী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ৩ জুলাই ২০২৪
রাসেলস ভাইপারকে সাড়ে তিন ঘণ্টা ফাঁসিতে ঝুলিয়ে মারলেন গ্রামবাসী
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বটতলা এলাকায় ঘাস কাটতে গিয়ে প্রায় ৪ ফুট লম্বা একটি রাসেলস ভাইপার সাপকে মেরে আধমরা করেন এক কৃষক। পরে স্থানীয় লোকজন সাপটির গলায় প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গাছে ঝুলিয়ে মেরে ফেলেন। এরপর সাপটির পেটে বাচ্চা আছে কি না, তা দেখতে সাপটির পেট ব্লেড দিয়ে চেরেন এক পশু পল্লি চিকিৎসক। এরপর সাপটিকে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বটতলা এলাকায়। মঙ্গলবার সকাল ৯ থেকে বেলা ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটছিল, তখন অনেকেই ভিডিও ধারণ করেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিষয়টি অমানবিক ও আইনবিরোধী বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশবিদেরা। তবে গ্রামবাসী বলছেন, সাপটি ভয়ংকর ও বিষধর হওয়ায় লোকজনের মধ্যে পরিচিত করতে এবং সবাইকে সচেতন করতে গাছে ঝুলিয়ে মারা হয়েছে।

Advertisement

কুমারখালী উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, এভাবে একটি বন্য প্রাণীকে হত্যা করে পেট চেরার ঘটনাটি আইনবিরোধী ও ন্যক্কারজনক। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ১০টার দিকে কল্যাণপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে জিয়াউর রহমান নিজ জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় তিনি ঘাসের জমিতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। এরপর সাপটি হাঁসুয়া দিয়ে আঘাত করে আধমরা করেন এবং তার ভাই নাসির উদ্দিনকে ফোন দেন। পরে স্থানীয় লোকজন সাপটিকে বটতলা এলাকায় নিয়ে এসে একটি গাছে বেলা ২টা পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়। এরপর সাপটির পেটে আরও বাচ্চা আছে কি না, তা দেখতে পেট চেরেন স্থানীয় পশু পল্লি চিকিৎসক আবদুর রাজ্জাক। অতঃপর সাপটিকে পুড়িয়ে মাটিচাপা দেন স্থানীয় ব্যক্তিরা। কেউ কেউ আবার এসব দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!