ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ২ 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫২, ১ জুলাই ২০২৪
ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ২ 
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেওয়ায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

রোববার (৩০ জুন) রাতে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম (৩৫) ও বায়েজিদ (৩)। আহতরা হলেন- বেলাল হোসেন ও তার স্ত্রী। নিহত শিশু বায়েজিদের বাবা হলেন বেলাল হোসেন। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী।

তিনি জানান, প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যান নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। ওই কাভার্ডভ্যানের চালকের পাশের আসনে যাত্রী ছিলেন শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন ও তার স্ত্রী-ছেলে। রোববার রাত ১১টার দিকে রনবাঘা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শিশু বায়েজিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বেলাল হোসেন ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। 

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে যায় এবং কাভার্ডভ্যানের চালকও আহত অবস্থায় পালিয়ে যান। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!