রোববার দুপুর আড়াইটার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম উমখালী এলাকায় বাঁকখালী নদীতে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ও রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঐ স্থান পরিদর্শন করেন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
.png)
রামু থানার এসআই অসীম চন্দ্র ধরের নেতৃত্বে পুলিশের একটি টিম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, মরদেহটি মস্তকবিহীন, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা জানান, নদীতে ভাসমান মরদেহ দেখার বিষয়টি স্থানীয় মেম্বারের মাধ্যমে জেনে প্রশাসনে অবহিত করি। মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বাঁকখালী নদীতে মানুষের মরদেহ ভাসছে। এ খবর পেয়ে পুলিশের একটি টিম ঐ স্থানে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে।