ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতারগুলে পানিতে নেমে তলিয়ে গেল কিশোর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২৯ জুন ২০২৪
রাতারগুলে পানিতে নেমে তলিয়ে গেল কিশোর
রাতারগুল -ফাইল ছবি

সিলেটের রাতারগুলে পানিতে নেমে নিখোঁজের একদিন পর শামীম আহমদ নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে রাতারগুল জলাবনের মোটরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শামীম আহমদ সিলেট নগরীর হাওলাদার পাড়ার এলাকার শাহজাহান আলীর ছেলে।

Advertisement

এর আগে, শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে রাতারগুলে বেড়াতে গিয়ে মোটরঘাট এলাকার পানিতে নেমেছিল শামীম আহমদসহ চার বন্ধু। এরপর স্রোতের সঙ্গে পানিতে তলিয়ে যায় শামীম। তবে এ সময় অন্যরা পাড়ে উঠতে পারলেও শামীম পারেনি।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে রাতারগুল জলাবনে বাইসাইকেল করে শামীমসহ চার বন্ধু বেড়াতে গিয়েছিল। সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নামে তারা। এ সময় শামীম আহমদ পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও তাকে উদ্ধার করতে পারেনি। শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। দুপুর ১২টার দিকে শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, শুক্রবার রাতারগুলের মোটরঘাট এলাকায় এক কিশোর নিখোঁজ হয়। কিশোরের লাশ শনিবার দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিশোরের লাশ সিলেটে নিয়ে এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোর সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!