ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৃত চাচাকে দেখতে বাড়ি যাওয়ার পথে লাশ হলেন ভাতিজা 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ২৯ জুন ২০২৪
মৃত চাচাকে দেখতে বাড়ি যাওয়ার পথে লাশ হলেন ভাতিজা 
হাসপাতালে স্বজনদের আহাজারি

গাজীপুরের শ্রীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভাতিজা মামুন (২৮) । এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার সকাল সাড়ে ৬টায় গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর সড়কের বদনীভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলিশাবাড়ী গ্রামের শাহজাহান মুন্সির ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার ইকো কটন মিলস নামে একটি কারখানায় চাকরি করতেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিনা নাসরিন জানান, মৃত অবস্থায় স্বজনরা মামুনকে হাসপাতালে নিয়ে আসেন। পরে মরদেহ নিয়ে যায় পুলিশ।

নিহতের ভাইয়ের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, শ্রীপুরের মাওনা থেকে চাচার মৃত্যুর খবর শুনে সিরাজগঞ্জে যাচ্ছিলেন মামুন। পথে মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা এলাকায় অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মামুনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মরদেহ শ্রীপুর থানায় আছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!