শুক্রবার (২৮ জুন) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত দেড়টার দিকে এ আগুন লাগে।
আগুনে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো দুজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
মারা যাওয়া তিনজন হলেন- মোহাম্মদ রিদোয়ান, সাহেদ হোসেন ও ইকবাল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত। এরপর সেই আগুন পাশের মার্কেটেও ছড়িয়ে পড়ে। রেজওয়ান কমপ্লেক্স মার্কেটটি আটতলা বিশিষ্ট। সেখানে মোবাইলের যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে। আটতলা ভবনটিতে আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, রাত দেড়টার দিকে রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কেটের রাস্তা সরু হওয়ায় আমাদের গাড়ি প্রবেশ করানো যাচ্ছিল না। তাছাড়া ভবনগুলো লাগোয়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মার্কেটে বাতাস চলাচলের সুযোগ না থাকায় আগুন নেভাতে সময় লেগেছে আমাদের। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।