ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোটেল ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র বেচাকেনা করতেন তারা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ২৬ জুন ২০২৪
হোটেল ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র বেচাকেনা করতেন তারা
হোটেল ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র বেচাকেনার অভিযোগে ২ জন  গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে হোটেল ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র বেচাকেনার অভিযোগে ২ জনকে  গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার রাতে কক্সবাজারের পিএমখালী ও কলাতলীর মেরিন ইকো রিসোর্টে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি মডিফাইড থ্রি নট থ্রি রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার জামিলুল হক জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী গ্রামে অভিযান চালিয়ে হুমায়ুন কবির নামে এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও গুলি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাবের একটি দল কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত মেরিন ইকো রিসোর্ট নামে একটি হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের মালিক কক্সবাজার শহরের বাসিন্দা কাজী জাফর সাদেক রাজুকে গ্রেফতার করা হয়। হোটেলে রাজুর ব্যক্তিগত রুম থেকে উদ্ধার করা হয় একটি মডিফাইড থ্রি নট থ্রি রাইফেল।

Advertisement

উদ্ধারকৃত একটি বিদেশি পিস্তল ও একটি মডিফাইড থ্রি নট থ্রি রাইফেল এবং গোলাবারুদ।প্রেস ব্রিফিংয়ে জামিলুল হক আরো জানান, গ্রেফতারকৃত দুজন দেশি-বিদেশি অস্ত্র কারবারে জড়িত। তারা এসব অস্ত্র কারবারে জড়িত এবং চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি কেন্দ্রীক একটি সিন্ডিকেটের সদস্য। 

খাগড়াছড়ি সীমান্ত থেকে দেশি-বিদেশি অস্ত্র এনে তারা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করে থাকেন। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, অস্ত্র দুটি তারা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করার জন্য এনেছিলো। এরইমধ্যে রাজু র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইয়াবা ও অস্ত্রসহ একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। 

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, অস্ত্র কারবারে জড়িত এই সিন্ডিকেটের বাকী সদস্যদের ধরতে র‌্যাব অভিযান অব্যাহত রেখেছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!