এবার দেখা মিলল আরেক ভয়ংকর সাপের, ইঁদুরসহ খেতে পারে অন্যান্য বিষাক্ত সাপ
সারাদেশ যখন বিষধর ও ভয়ংকর সাপ রাসেল ভাইপার অতঙ্কে রয়েছে, তখন পটুয়াখালীর কলাপাড়ায় আরেক বিষধর ও ভয়ংকর সাপের দেখা মিলেছে। জানা গেছে, সাপটির নাম ‘শঙ্খিনী’।
সাপটির আকৃতি এমন যে, কোনটি মাথা আর কোনটি লেজ তা সহজে শনাক্ত করা যায় না। সাপটি অনেক বিষাক্ত এবং ইঁদুরসহ অন্যান্য বিষাক্ত সাপ খেয়ে ফেলে।
শুক্রবার (২১ জুন) দুপুরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মোহাম্মদ রুবেলের বাড়ি থেকে শঙ্খিনী সাপটি উদ্ধার করা হয়। সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। পরে এটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য এইচ এম মাসুদ হাসান বলেন, খবর পেয়ে রুবেলের বাড়িতে গিয়ে দেখি জালে জড়িয়ে পড়ে আছে শঙ্খিনী সাপটি। পরে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করা হয়। সুস্থ থাকায় নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এটির নাম শঙ্খিনী (Banded Krait)। তবে দু-মুখো সাপও বলতে শোনা যায়। স্থানীয়ভাবেই বেশি বলা হয় দু-মুখো সাপ। দু-মুখো বলা হলেও আসলে এর মাথা একটিই। এর আকৃতি এমন যে, কোনটি মাথা আর কোনটি লেজ তা সহজে শনাক্ত করা যায় না। তবে সাপটি অনেক বিষাক্ত। এই সাপটি ইঁদুরসহ অন্যান্য বিষাক্ত সাপ খেয়ে ফেলে।