মঙ্গলবার ভোরে ফতুল্লার মাহমুদপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৃত. নুর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকস বেগম (৪০)। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুরের রায়পুর থানার চরআবাবিল গ্রামে।
এলাকাবাসী জানান, মাহমুদপুর বটতলা এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে মা ও মেয়ে ভাড়া থেকে লোকজনের বাসাবাড়িতে কাজ করতেন। আত্মীয়-স্বজন থাকলেও কেউ তাদের মা-মেয়ের খোঁজখবর রাখেন না। বাড়িওয়ালা গোলাপ মিয়া কুমিল্লায় বসবাস করেন। তার বাড়িতে বিদ্যুতের সংযোগ নেয়া হয়েছে পুরাতন টুকরো টুকরো তার দিয়ে। এতে বিদ্যুতের তারের লিকেজ থেকে লোহার খুঁটিতে বিদ্যুৎ চলে আসে। ভোরে বৃদ্ধ মা নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় সেই খুঁটিতে ধরে চিৎকার দেন। এ সময় মেয়ে বিলকিস বেগম মাকে ধরলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। পরে বিদ্যুৎ সংযোগের তার বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন স্থানীয়রা।
.png)
তাদের অভিযোগ, বাড়িওয়ালার অবহেলার কারণে দুজনের মৃত্যু হয়েছে। বাড়িওয়ালাকে আইনের আওতায় আনতে হবে।
ফতুল্লা মডেল থানার এসআই রেজাউল বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের আত্মীয় পরিচয় দিয়ে কয়েকজন এসে বলছেন তারা মামলা করবেন না। এ জন্য বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চান তারা। কিন্তু এলাকাবাসী বাড়িওয়ালার অবহেলায় মৃত্যুর অভিযোগ করছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।