বুধবার (১২ জুন) রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও পাটকেলঘাটার শাকদহা ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার শাহীন মন্ডল (২০), সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মালামাল নামানোর পরে ভারতীয় ট্রাকে উঠতে গিয়ে পড়ে যান চালকের সহকারী শাহীন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বুধবার মধ্যরাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পণ্যভর্তি ট্রাক। এতে ডাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে জুলফিকার ও মনিরুলকে মৃত ঘোষণা করেন ডা. সাইফুল ইসলাম। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।