ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুলবাড়ীতে মাথা থেঁতলে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৫, ১০ জুন ২০২৪
ফুলবাড়ীতে মাথা থেঁতলে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
ফুলবাড়ীতে মাথা থেঁতলে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংসারিক টানাপোড়েন নিয়ে বাকবিতণ্ডার জেরে কংক্রিটের খুঁটিতে মাথা থেঁতলে রহিমা বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজমিস্ত্রী রহিমুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী এক সন্তানের জননী। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। 

রোববার (৯ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ি গ্ৰামের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়ার নেশায় মত্ত স্বামী দিন শেষে বাজার সদাই ছাড়া শূন্য হাতে বাড়িতে ফিরেন। এ নিয়ে স্ত্রীর সাথে তার বাদানুবাদ হয়। একপর্যায়ে স্বামী রহিমুল ইসলাম (৩০) ক্ষিপ্ত হয়ে স্ত্রী রহিমা বেগমের চুলের মুঠি ধরে কংক্রিটের খুঁটিতে মাথা থেঁতলাতে থাকেন। এতে রহিমার কপাল ও মুখমন্ডল ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হয়। পরে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৮টায় তার মৃত্যু হয়।

Advertisement

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা হুমায়রা খাতুন জানান, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামী রহিমুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহত গৃহবধুর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দেয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। তার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!