শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিয়াজ হোসেন (১৯) ঐ গ্রামের আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে রিয়াজের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছে পুলিশ।
.png)
স্থানীয় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, সন্তোষপুর গ্রামে সড়কের পাশে গত তিনদিন ধরে পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে পড়ে আছে। বিষয়টি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ দায়িত্বরতদের একাধিকবার জানালে তারা ঘটনাস্থলে গিয়েছে ঠিকই, কিন্তু তাদের চাহিদামতো টাকা না পেয়ে বিদ্যুৎকর্মীরা লাইনটি মেরামত করেননি।
তিনি আরো জানান, শুক্রবার সকালে রিয়াজ হেঁটে যাওয়ার সময় পড়ে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৃত রিয়াজ হোসেনের চাচাতো ভাই নাছির গাজী জানান, তিনদিন আগে ঝড়ের সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়েছিল, বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে গেছে, অনৈতিকভাবে তারা সুবিধা না পাওয়ায় তারা লাইনের কাজ না করে চলে যান।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মিন্টু দত্ত জানান, দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিয়াজ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।