ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেমালের তাণ্ডব: ফেনীতে অর্ধকোটি টাকার ক্ষতি

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ২৯ মে ২০২৪
রেমালের তাণ্ডব: ফেনীতে অর্ধকোটি টাকার ক্ষতি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ফেনীতে ৫৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় সোনাগাজী উপজেলায় ৮৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৩১ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের ১০ লাখ টাকা, কৃষিতে ৪ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। উপজেলায় ১৮ কিলোমিটার বনাঞ্চলসহ ৫৪ হাজার টাকার গাছপালা, মৎস্য বিভাগের ১৯ লাখ ৭০ হাজার টাকা এবং ৩৫টি পুকুরে সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার রাতে (২৮ মে) ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড়ে সোনাগাজীতে গাছপালা, ঘরবাড়ি, জমির ফসল ও বৈদ্যুতিক লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে এ উপজেলায় ৫৩ লাখ ৭০ হাজার টাকার সম্পদহানি হয়েছে।

Advertisement

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. একরাম উদ্দিন বলেন, মাঠে ফসল না থাকায় ক্ষতির পরিমাণ কম। তবুও বিভিন্ন সবজিসহ ৫ হেক্টর জমির সাড়ে ৪ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, উপজেলায় ১৩১টি স্থানে লাইনে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৬টি ট্রান্সফরমার, ৬১টি মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফেনী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক বলেন, গাছ উপড়ে বেশ কয়েকটি সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে আনুমানিক ৫ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে। এছাড়াও দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোনাগাজীতে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। তীব্র বাতাস ও জোয়ারের পানিতে চর চান্দিয়া এলাকার বেড়িবাঁধ ও নিম্নাঞ্চল প্লাবিত হয়।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ঘূর্ণিঝড় রেমালে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!