পাবনা-বাঘাবাড়ী সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙে পড়ে বড় গাছ। এতে ঢাকার সঙ্গে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন।
ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী হৃদয় হোসেন বলেন, ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙে উপড়ে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে ফায়ার সার্ভিস এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।
.png)
শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়ে ছিল, তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় করাত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি। তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।