বৃহস্পতিবার (২৩ মে) রাতে ওই উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতা বাজারে আচমকা দুই ভাইয়ের ওপর হামলা চালায় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো ছুরি দিয়ে মাসরুল ও তার ছোট ভাইয়ের পেটেও ঘাড়ে বেশ কয়েকটি আঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মাসরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস আগে মাসরুল ও তার ভাইয়ের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় রায়হান ও নাঈমের দুই যুবক। এ নিয়ে মারামারির ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে বিষয়টিকে মীমাংসা করা হয়। এরপর থেকে এই নিয়ে কোনো ঘটনা না ঘটলেও হঠাৎ রাতে হামলার ঘটনা হতবাক সবাই।
নিহত মাসরুলের বাবা চাঁন মিয়া বলেন, আমার ছেলেকে মারছে ফিরোজের ছেলে রায়হান ও নাঈম। তারা আমার প্রতিবেশী। দীর্ঘদিন আগে তাদের চাচার সঙ্গে মারামারি হয়েছিল এরপর তা মীমাংসাও হয়েছিলো। আজকে কোনোকিছু হয়েছে বলে শুনিনি। আমি হঠাৎ খবর পাই আমার দুই ছেলেদের মারছে। এক ছেলে মরে গেছে আর আরেক ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাস আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।