ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ভোটগ্রহণ চলছে, ৩ উপজেলায় প্রতিদ্বন্দ্বী যারা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ২১ মে ২০২৪
কিশোরগঞ্জে ভোটগ্রহণ চলছে, ৩ উপজেলায় প্রতিদ্বন্দ্বী যারা
ছবি: ডেইলি বাংলাদেশ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ৩ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২য় ধাপে কিশোরগঞ্জের ৩টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।

উপজেলা ৩টি হলো কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম। নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে এ ৩টি উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা আনন্দের সঙ্গে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলে জানিয়েছেন। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে কটিয়াদি উপজেলায় ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে লড়ছেন। তারা হলেন, নজরুল ইসলাম আনারস প্রতীক, মইনুজ্জামান ঘোড়া প্রতীক, মো. আলী-আকবর দোয়াত কলম প্রতীক, মো. কামরুজ্জামান কাপ পিরিচ প্রতীক, মো. সাব্বির জামান কৈ মাছ প্রতীক, শেখ দিলদার মোটরসাইকেল প্রতীক।

এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, আবু নাইম টিয়া পাখি প্রতীক, চান মিয়া পালকি প্রতীক, বদরুল আলম নাইম চশমা প্রতীক, মো. মাহমুদুল হাসান মাইক প্রতীক, মো. সিরাজুল ইসলাম শাহীন টিউবওয়েল প্রতীক, রেজাউল করিম শিকদার তালা প্রতীক, সাদেক হোসেন খোকা বৈদ্যুতিক বাল্ব প্রতীক।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। তারা হলেন, নূর জাহান আক্তার লিপি পদ্ম ফুল প্রতীক, মোছা. লুৎফা আক্তার হাস প্রতীক, রোকসানা ফুটবল প্রতীক ও সাথী বেগম কলস প্রতীক। 

নিকলী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া জনি মোটরসাইকেল প্রতীক, মোকারিম সর্দার আনারস প্রতীক ও মোহাম্মদ সুমন কাপপিরিচ প্রতীক। 

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন, বর্তমান ভাইসচেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ তালা প্রতীক, কাউসারুল আলম চশমা প্রতীক, মো. তাহের আলী টিউবওয়েল প্রতীক, রফিকুল ইসলাম ভূইয়া উড়োজাহাজ প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন, জেসমিন আরা বিউটি হাস প্রতীক, রৌশন আক্তার কলস প্রতীক ও সুমাইয়া হক শিমু ফুটবল প্রতীক।

অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস কাপ পিরিচ প্রতীক, এ এফ মাশুক নাজিম ঘোড়া প্রতীক ও মো. মনিরুজ্জামান ভূইয়া আনারস প্রতীক।

ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। তারা হলেন, আল আমিন সরকার চশমা প্রতীক, এম এ আজিজ মাইক প্রতীক, গোলাম রসুল ভূইয়া টিউবওয়েল প্রতীক ও মানিক কুমার দেব তালা প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন, নাছিমা আক্তার কলস প্রতীক, মোছা. চায়না বেগম ফুটবল প্রতীক ও মোছা. শেলী আক্তার হাস প্রতীক।
 
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি এরমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দশনা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে জোরালো প্রস্তুতি। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে।

উল্লেখ্য, নিকলী উপজেলায় মোট ভোটার ১ লাখ ২১ হাজার ৮৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ১৩১ জন। নারী ভোটার ৫৯ হাজার ২০ জন। হিজড়া ভোটার ১ জন। মোট কেন্দ্র ৪৬টি।

কটিয়াদি উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ১৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৬২ জন। মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭১ জন। হিজড়া ভোটার ৫ জন। মোট কেন্দ্র ১০১টি।

অষ্টগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৬ হাজার ২৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৯৯৭ জন। মহিলা ভোটার ৬৫ হাজার ২৯৭ জন। হিজড়া ভোটার ১ জন। কেন্দ্র ৫৫টি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!