ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৯, ২০ মে ২০২৪
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত
ফাইল ফটো

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে দ্বিতীয় ধাপে ঐ জেলার শুধু রাজনগর উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ মে) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুস সালাম চৌধুরী এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।

এর আগে একইদিনে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

Advertisement

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৬০৮/২০২৪ নং সিপিএলএ এর ১৬ মে এর আদেশ পালন করার লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে ইসি।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী।

প্রসঙ্গত, মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচনের উপর সাতদিনের জন্য স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৩ এপ্রিল তাজের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম। কিন্তু পাঁচদিন পর ২৮ এপ্রিল মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম।

পরে তাজ মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। গত ৯ মে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের বেঞ্চ রুলসহ আদেশ দেন। তার প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে বলা হয়। ঐ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা। পরে আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হয়।

আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে তাজের মনোনয়নপত্র বাতিল হ‌ওয়ায় বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!