সিলেটে গত দুই দিন থেকে তীব্র গরমে অনেকটা হাঁসফাঁস করছেন নগরবাসী। বাড়ি থেকে বের হওয়ার সময়ে গরম থেকে বাঁচতে অনেকেই ছাতা ব্যবহার করছেন। জরুরি কোনো কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুইদিন থেকে সিলেটে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। চলমান মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো দুদিন। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তেও পারে। সেই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
.png)
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের তাপমাত্রা বাড়ছে। সকাল ৯টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। পরে দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াসে। বিকেল ৪টায় মৌসুমের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।