বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শুভ্রদেব বিশ্বাস ওরফে শুদেব সিং বোয়ালমারী পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার সুধির সিংয়ের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি এক স্বর্ণ কারিগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় পলাতক আসামি তিনি।
থানা সূত্রে জানা যায়, গত ৪ মে বোয়ালমারী পৌর সদরের আঁধারকোঠা গ্রামের ব্রজেন কর্মকারের ছেলে স্বর্ণ কারিগর হৃদয় কর্মকারকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন শুদেব সিং। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। এ ঘটনায় হৃদয় কর্মকারের মা বেদেনা কর্মকার বাদী হয়ে শুভ্রদেব সিংকে একমাত্র আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা করেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মামলার পর থেকেই শুদেব পালাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর থেকে বোয়ালমারী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শুদেব সিং নানা অপকর্মে জড়িত। তাকে গ্রেফতার করে বুধবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৬ শে মার্চ কোমরে পিস্তল রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে জনমনে ভয়ভীতি ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। সে সময় আলোচিত এই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।