ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় যে ৪ স্থানে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ১৫ মে ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় যে ৪ স্থানে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোনাব্বর হোসেন।

প্রত্যেক কার্ডধারী ২ কেজি করে মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল পাচ্ছেন। মসুর ডাল ৬০ টাকা কেজি, সয়াবিন তেল ১০০ টাকা লিটার ও চাউল ৩০ টাকা দরে বিক্রি করা হয়।

টিসিবির পণ্য হাতে পেয়ে ক্রেতারা জানান, বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেক বেশি। এই ঊর্ধ্বগতির বাজারে স্বল্পমূল্যে তেল, ডাল ও চাল পেয়ে অনেক খুশি। টিসিবিতে আরো কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস দিলে আমাদের উপকার হতো।

Advertisement

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোনাব্বর হোসেন জানান, সদর উপজেলার নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত কার্ডধারী মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পৌরসভায় ৪ হাজার ৯৫২ জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি করা হচ্ছে। বুধবার পৌরসভার সদর উপজেলা পরিষদ চত্বর, কালভৈরব, কারখানাঘাট আনন্দবাজার ও শেরপুর ঈদগাহ মাঠে চারটি স্থানে এই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

তিনি আরো বলেন, নিম্ন আয়ের মানুষের মাঝে এই কার্যক্রমটি খুবই জনবান্ধব। নিম্ন আয়ের মানুষরা যেন সঠিকভাবে এই পণ্য পান সেজন্য জোরদারভাবে তদারকি করা হচ্ছে। কোনো ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!