ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পাবনা গণপূর্ত বিভাগ

নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি, ঠিকাদারসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১১ মে ২০২৪
নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি, ঠিকাদারসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

পাবনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি দেওয়ায় ঠিকাদারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা পৌর এলাকার চক গোবিন্দার চাঁদমারি এলাকার জামাল উদ্দিন তোতনের ছেলে ঠিকাদার রোকনুজ্জামান তুষার ও কালাচাঁদপাড়ার নুরুল ইসলামের ছেলে আকাশ।

শনিবার (১১ মে) সকালে তাদেরকে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

Advertisement

এর আগে, ঠিকাদারি কাজ অনৈতিক ও অবৈধভাবে না পেয়ে গত বুধবার (৮ মে) দুপুরে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর রুমে ঢুকে ত্রাস সৃষ্টি করে নির্বাহী প্রকৌশলীকে ভয়ভীতি ও হত্যার হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ মে) দুপুরে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কক্ষে প্রকৌশলী আনোয়ারুল আজিম তার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় সভা করছিলেন। এ সময় রাজিব ও তুষারের নেতৃত্বে ১৪-১৫ জন সেই রুমে প্রবেশ করে অনৈতিকভাবে বিভিন্ন ঠিকাদারি কাজ দাবি করেন। দাবি না মানায় তারা নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। এ সময় অন্যান্য প্রকৌশলীরা বাধা দিলে তাদের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার রাতে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে পাবনা সদর থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪-১৫ জনের নামে অভিযোগ দায়ের করেন।

পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও মামলার বাদী আনোয়ারুল আজিম বলেন, আসামিরা ঠিকাদারি কাজ করেন। সেদিন যা ঘটেছিল তা থানায় দেওয়া এজাহারে উল্লেখ করা হয়েছে।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, অভিযোগের পর মামলা দায়ের হয়েছে। পুলিশ রোকনুজ্জামান তুষার ও আকাশকে গ্রেফতার করেছে। এছাড়া অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!