ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ২ উপজেলা, বিদ্যুৎবিহীন শতাধিক গ্রাম

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৮, ৯ মে ২০২৪
বিশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ২ উপজেলা, বিদ্যুৎবিহীন শতাধিক গ্রাম
বিশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ২ উপজেলা, বিদ্যুৎবিহীন শতাধিক গ্রাম

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছপালা ও কাঁচা-পাকা ঘরবাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে। বিদুতের খুটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এ সময় গাছপালা ভেঙ্গে পড়ে বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়ক প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত আনে। বোয়ালমারী উপজেলার সুর্যোগ, ময়েনদিয়া, কাটাগড়, ছত্রকান্দা, সহস্রাইল, মোড়া, সুতালীয়া, তামারহাজি, বড়গা ও আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে অসংখ্য ঘরবাড়ি গাছপালা ও ফসলের ক্ষতি হয়। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
 
বুড়াইচ গ্রামের জোহরা বেগম বলেন, হঠাৎ করে বৃষ্টি ও প্রচণ্ড বাতাসে ঘরবাড়ি গাছপালা উপড়ে পড়ে। ঘরের উপর গাছ পড়ে ঘর ভেঙ্গে গেছে। টিনের আঘাতে হাত কেটে তিনি আহত হয়েছেন।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে সড়কের পাশে গাছ পড়ে বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়কে যানচলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনে জানা যায়নি।

রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, রুপাপাত ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে কালবৈশাখীর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের পর থেকে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। 

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন সড়কে গাছপালা ভেঙ্গে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার উপর থেকে গাছপালা সরানোর কাজ চলছে। 

বোয়ালমারী পল্লী বিদ্যুৎের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোরশেদুর রহিম বলেন, ঝড়ের কারণে পল্লী বিদ্যুৎের খুঁটি ও তারের ক্ষতি হয়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে। কখন বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, মাত্র বিশ মিনিটের ঝড়ে বাড়িঘর, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে বুড়াইচ ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/SA
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!